কাশ্মীর ইস্যুতে সমর্থনের বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
বাজওয়ার সৌদিযাত্রার উদ্দেশ্য নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সরাসরি কিছু বলা হয়নি। তবে রয়টার্স বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কাশ্মীর ইস্যুর কথা জানিয়েছে।
সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিকভাবে পাকিস্তানের সম্পর্ক ভালো। কিন্তু কাশ্মীর ইস্যু নিয়ে দেশটি পাকিস্তানের সঙ্গে খুব একটা সুর মেলায় না।
‘হ্যাঁ, তিনি যাচ্ছেন,’ নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার রয়টার্সকে বলেন, ‘এটা সেনাবাহিনী সম্পর্কিত পূর্ব পরিকল্পিত সফর।’
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্ক গত কয়েক বছরে চরম আকার ধারণ করেছে। এই অঞ্চলটি দুই দেশই নিজেদের বলে দাবি করে।
কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে সৌদি-নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজকে (ওআইসি) দিয়ে উচ্চ পর্যায়ের একটা মিটিং করাতে।
কিন্তু ওয়াইসি এখন পর্যন্ত শুধু নিম্ন পর্যায়ে মিটিং করেছে।.
রয়টার্স বলছে, দেশটির সেনাপ্রধান এই সফরে এসব বিষয়ে সৌদি প্রশাসনের সঙ্গে আলাপ করতে পারেন।