সিরাজগঞ্জে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জ সদরে অটোরিক্শা চালক মোহাম্মদ আলীকে (২৫) দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর লাশ রাস্তার পাশের ধানক্ষেতের মধ্যে ফেলে রেখে পালিয়েছে। উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দৌলতপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ এ দিন দুপুর ১২টার দিকে সদর উপজেলার ফুলকোচা এলাকায় রাস্তার পাশে ওই ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সদর থানার ওসি হাফিজুর রহমান বলেন, বুধবার সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরেনি মোহাম্মদ আলী। এ দিন ফুলকোচা এলাকার ধানক্ষেতের মধ্যে একটি লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এ দিন দুপুরে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে দুর্বৃত্তরা পালিয়েছে। এ হত্যার  কারণ এখনও জানা যায়নি।

ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।