রিলায়েন্স ও এনআরবি গ্লোবালের ৮৩ জনের ব্যাংক হিসাব জব্দ

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগীসহ ৮৩ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধের পর তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার  বিএফআইইউ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। দুদকের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া পিকে হালদারের অর্থপাচারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হল ইন্টারন্যাশনালের তিন পরিচালক ও এমডিসহ ৯ জনকে তলব করেছে দুদক। তাদের আগামী ১৮ আগস্ট হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এর আগে গত ১০ আগস্ট পি কে হালদারসহ ৫ জনকে তলব করেছিল দুদক। বর্তমানে পি কে হালদার আত্মগোপনে আছেন। ২০১৯ সালের ৩ অক্টোবর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক।

দুদকের অনুসন্ধানের বিবরণ অনুযায়ী, পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) দায়িত্ব পালন করে প্রায় ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।