রাজধানীর বাড্ডায় গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কথিত এমএলএম কোম্পানির অফিসে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম, সিইও মো. সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, এক্সিকিউটিভ ডাইরেক্টর আলতাব, জাকারিয়া, মারুফ এবং হিসাবরক্ষক মেহেদী ও সাইফুল ইসলাম। অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, গ্লোবাল গেইন এ পর্যন্ত প্রায় ১৩ হাজার গ্রাহকের কাছ থেকে আড়াইশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কথিত এই এমএলএম কোম্পানিটির ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মোট চারটি অফিস রয়েছে।
তিনি আরও বলেন, ‘সদস্য হওয়ার জন্য আড়াই হাজার টাকা করে নিত গ্লোবাল গেইন। এর মাধ্যমেও সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। প্রতি লাখে মাসিক ১৫ হাজার টাকা করে সুদ দেওয়া হবে বলে সাধারণ মানুষকে গ্রাহক করে টাকা নিত প্রতিষ্ঠানটি। আটক সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।’