সিনহা হত্যার বিচারে স্বাধীন কমিশন চায় বাম জোট

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদসহ বিচারবহির্ভূত সব হত্যাকা-ের বিচারে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম-খুন-ক্রসফায়ার বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও দেশে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। উপনিবেশিক আমলের মতোই নতুন নতুন নিবর্তনমূলক কালাকানুন প্রণয়ন করা হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার হরণ চলছে। বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার, এনকাউন্টারের নামে বিচারবহির্ভূত হত্যাকা- ক্রমাগত বেড়েই চলেছে।’ সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের জন্য সমস্ত নিবর্তনমূলক আইন প্রবর্তন করেও সরকার যখন মানুষের ক্ষোভ-বিক্ষোভ দমনে ব্যর্থ হচ্ছে তখন সরকার বিভিন্ন বাহিনী দ্বারা গুম-খুন এবং ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকা- সংঘটিত করে মানুষের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।’