বিধ্বস্ত লেবাননে ৫ মিলিয়ন মার্কিন ডলারের ত্রাণসহায়তা দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ইসলামি দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ। সংবাদমাধ্যমকে সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ হাজার মানুষকে ২ মাসের প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেওয়া হবে। তা ছাড়া আরও ১০ হাজার মানুষকে দেওয়া হবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এই জরুরি সহায়তা বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। চ্যারিটি টুডেতে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
ইসলামিক রিলিফ লেবাননের কাউন্ট্রি ডিরেক্টর নিদাল আলি জানিয়েছেন, ‘আসন্ন দিনগুলোতে লেবাননে খাদ্যসংকট আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। বন্দরের খাদ্যগুদামে ধ্বংস হয়েছে আগামী ১৮ মাসের মজুদ খাদ্য। এখন আমাদের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করা। আমরা ইতিমধ্যেই তৈরি খাবার এবং জরুরি ওষুধ বিতরণ শুরু করেছি।’
ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের সিইও নাসের হাজ-হামেদ বলেন, ‘এ বিস্ফোরণ দেশটিকে দীর্ঘমেয়াদি সংকটে ফেলবে। আমরাও দীর্ঘমেয়াদি সহায়তাদানের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। করোনার এ দুর্যোগকালে লেবানন যেন খাদ্য, চিকিৎসা, আবাসন ও অর্থনীতির সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই প্রচেষ্টাই থাকবে আমাদের।’