সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীরের নবম মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে পালিত হয়েছে।
দুপুরে দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বৃক্ষরোপণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এর আগে, নিরাপদ সড়ক, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন স্থাপন এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন তারা।
তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংরক্ষণ পরিষদ, মানিকগঞ্জ প্রেস ক্লাবসহ বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে দীপক ঘোষ, রিপন আনসারী, সাংবাদিক বিপ্লব চক্রবর্তী, জাহাঙ্গীর আলম বিশ্বাস বক্তব্য দেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট শ্যুটিং স্পট থেকে ঢাকায় ফেরার পথে জোকায় একটি বাসের সঙ্গে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।