আশাশুনিতে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের গদাইপুরে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

আশাশুনি থানার ওসি গোলাম কবির বলেন, হামলায় আহত সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শুক্রবার সকালে ২০ জনকে আসামি করে মামলা করেছেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গদাইপুর গ্রামের নুর ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (৩৫) ও একই গ্রামের গোলাম রব্বানীর ছেলে মফিজুল ইসলাম (৩৮)।

ওসি গোলাম কবির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বর্তমান ইউপি চেয়ারম্যানের পক্ষের লোকজনের সঙ্গে সাবেক চেয়ারম্যানের লোকজনের তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ওয়ায়েছ কুরনী, তুহিন বাবু, রফিকুল ইসলাম, সোহাগ, সাব্বীর হোসেনসহ দু’পক্ষের কমপক্ষে ১০জন আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর দুর্বৃত্তরা হঠাৎ পুলিশের উপর বিনা উস্কানিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত ২ পুলিশকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এখনও পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রসঙ্গত, খাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সমর্থক গ্রুপ ও তার ফুপাতো ভাই সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ সমর্থক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের সংঘর্ষ, হত্যা, হামলা-মামলায় এলাকায় আতঙ্কবস্থা বিরাজ করছে। তারা দুই ভাই’ই বর্তমান সরকার দলীয়।