শান্তিরক্ষা মিশনে যোগ দিতে দ. সুদানের পথে ৬৭ নৌ-সেনা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশে ৬৭ জন নৌ-সদস্যের দ্বিতীয় গ্রুপ শুক্রবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এর আগে গত ২৫ জুলাই প্রথম গ্রুপের ৬৭ জন নৌ-সদস্য ওই মিশনে যোগদান করেন।

দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস)-এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে।

এই কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানি, খাদ্য সামগ্রী, ওষুধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ফোর্স সদর দপ্তরকে অবহিতকরণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরি সহায়তা করে থাকে।

এছাড়া স্থানীয় জনগণকে জরুরি চিকিৎসা প্রদানসহ মিশনে নিয়োজিত সেনা ও অসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দুর্গম স্থানে পরিবহন করাসহ জাতিসংঘের নির্দেশক্রমে যেকোনো কার্যক্রমে সহায়তা করে থাকে কন্টিনজেন্টটি।

উল্লেখ্য, বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট (BANFMU) কন্টিনজেন্টটি হোয়াইট নাইল রিভার-এ দীর্ঘ ৯৩৮ কিলোমিটার নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি অপারেশন লাইফ লাইন (ওএলএল) অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে।

বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সঙ্গে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে।

দক্ষিণ সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।