চার মাস ১৮ দিন পর দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট শিলা খনির উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে খনির ঠিকাদারি বেলারুশিয়ান প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর ভূগর্ভ হতে পাথর উৎপাদন বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার থেকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সীমিত পরিসরে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ভূ-পৃষ্ঠের প্রায় ১ হাজার ফুট নিচে প্রোডাকশন লেভেলে পাথর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম কারুজ্জামান।
শুক্রবার দুপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম কামরুজ্জামান বলেন, কাজে যোগদানের পূর্বে মধ্যপাড়া পাথর খনির ১৭৪ জন শ্রমিকদের শারীরিক সুস্থতা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার শেরে বাংলা নগর ঢাকায় পাঠানো হয়।
গত বৃহস্পতিবার আসা সেগুলোর ফলাফলে ৯ জন করোনা শনাক্ত হয়। করানো শনাক্ত ৯ জন শ্রমিক বর্তমানে আইসোলেশনে রয়েছেন। শারীরিকভাবে সুস্থ না হওয়ায় এই ৯ জন বাদে অন্যরা কাজে যোগদান করেন। তিনি খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।