এমপি সাহিদুজ্জামান সপরিবারে করোনা আক্রান্ত

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন স্ত্রী-সন্তানসহ সপরিবারে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে এমপি ও তার স্ত্রী-সন্তানসহ মোট ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

এমপি ছাড়া অন্য আক্রান্তরা হলেন- তার স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা, দুই ছেলে- সামিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি, শামিম পারভেজ, জাহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের তুহিন রহমান (৩৩) ও মো. আজাদ (৫৪) এবং মুজিবনগর উপজেলার আনান্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫৫)।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, এমপিসহ তার পরিবারের সকলেই সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে এমপির বাসভবন।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সকাল নাগাদ দেশে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৫৫৭ জন। মেহেরপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে।