আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে উঠেছে আরবি লাইপজিগ। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট পিএসজি। যে দলের কোচ টমাস টুখেল। আর লাইপজিগের কোচ হিসেবে আছেন জুলিয়ান নাগেলসমান। দুজনই জার্মান। সেমিতে দুই জার্মান কোচের লড়াই হতে যাচ্ছে। আরও একটি মজার তথ্য আছে। এই টুখেল হলেন নাগেলসমানের সাবেক বস। তাই সেমিতে গুরু-শিষ্যের লড়াইও দেখা যাবে।
সেমিফাইনালের লড়াই নাগেলসমানকে দ্বিমুখী পরিস্থিতিতে ফেলেছে। গুরুর মুখোমুখি হতে পেরে অবশ্য খুশি নাগেলসমান। টুখেলের অধীনেই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরে দুজনের পথ আলাদা হয়। নাগেলসমান হফেনহেইমের কোচ হন। ওই দলের হয়ে যে ক’বার টুখেলের মুখোমুখি হয়েছেন তার মধ্যে একবারও জেতেননি। তবে টুখেলকে এবার হারাতে চানই চান নাগেলসমান, ‘তার বিপক্ষে কয়েকবার খেলার সুযোগ হয়েছে। কোনোবারই জিততে পারিনি। এটা এখন বদলানো উচিত। ম্যাচে খারাপ খেলেও যদি জিততে পারি তবে দারুণ হবে। টুখেল একদম তারকায় ভরা একটি সেরা দল পেয়েছে। সেদিন তারা যেভাবে শেষ করল তাতেই পরিষ্কার পিএসজির গভীরতা। আমাদের বিপক্ষে ডি মারিয়া ফিরবে, এমবাপে পুরো ফিট হয়ে শুরু করবে। এটা পরিষ্কার যে ফাইনালে যেতে আমাদের আরেকটি শ্রেষ্ঠ নৈপুণ্য দেখাতে হবে।’