জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় তার সমাধি সৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসতেন। কিন্তু এ বছর করোনাভাইরাসের কারণে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে যোগ দিতে টুঙ্গিপাড়া পারেননি তিনি।
শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে দলের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বেলা সাড়ে ১১টায় সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেওয়া হয়।