বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাঙালি জাতির অস্তিত্ব ধূলিসাৎ করে দিতেই ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল।
বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলার মানুষ তাদের সকল অপকর্ম ও ষড়যন্ত্র সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই দেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের কোন ঠাঁই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে তাদের অস্তিত্ব বিলীন করে দেয়া হবে।
তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলা অবিচ্ছেদ্য অংশ। বাংলার শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য তিনি সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও দেশের মানুষকে মুক্ত করে দেশকে স্বাধীন করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।