চীনের উইঘুর মুসলিমদের সমর্থনে গত বছর নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। নানা মানবাধিকার সংস্থার তথ্য মতে, ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে নির্দিষ্ট ক্যাম্পে রাখা হয়েছে। জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারের পোস্টে কোনো ধরনের সমালোচনা না করলেও ক্লাবটি তাদের চীনের উইবো পেজে দিয়েছিল এক পোস্ট। সেখানে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল তারা রাজনীতির সঙ্গে জড়িত এমন বিষয়গুলো এড়িয়ে চলে।
পরবর্তীতে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে আর্সেনাল সরব থাকলেও উইঘুরদের বেলায় চুপ থাকাটা পছন্দ হয়নি ওজিলের। তিনি বলেন, ‘আমি যা বলেছিলাম সেটা চীনের মানুষের বিরুদ্ধে ছিল না। উইঘুরদের ওপর যা করা হচ্ছিল সেটিই বলেছিলাম। আর অন্যরা কেন তাদের সহায়তা করছে না তাই বলেছিলাম। আমি আর্সেনালকে অনেক কিছু দিয়েছি মাঠ ও মাঠের বাইরে। কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। বিষয়টি মোটেও রাজনৈতিক ছিল না। পরবর্তীতে তারা নানা বিষয়ে মন্তব্য করেছে।’