১৫ আগস্ট বাংলাদেশ থেকে সীমান্ত পাড়ি দিয়ে শ্বশুরবাড়ির দেশে চলে গেলেন অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
স্ত্রী মিথিলার কলকাতায় যাওয়ার খবর জানিয়ে ফেসবুকে সৃজিত লিখেছেন, ‘১৯৪৭ সালের ১৫ আগস্ট ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার করেছিলেন। ২০২০-র ১৫ আগস্ট ভালোবাসার জন্য দুজন ফের সীমানা পার করলেন।’ এই পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্ত পার করে মিথিলা ও তার মেয়ে আইরাকে কলকাতায় নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সৃজিত। এদিন সকালে একদেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রয়োজনীয় নিয়মকানুন মেনেই বাংলাদেশ থেকে ভারতে যান রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আইরা তাহরিম খান। সৃজিত তাদের গাড়িতে করে বাড়িতে পৌঁছান।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন হিন্দু-মুসলিম মৈত্রী বার্তা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলা। তবে বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে বাংলাদেশে মেয়ে আইরাকে নিয়ে ফিরে এসেছিলেন মিথিলা। তারপর থেকে সৃজিত-মিথিলা দুজনে আলাদাই ছিলেন। করোনার কারণে, আন্তর্জাতিক বিমান চলাচল এখনও বন্ধই রয়েছে। সেকারণে এতদিন মিথিলার কলকাতায় যাওয়া সম্ভব হয়নি। সৃজিতও বাংলাদেশে আসতে পারেননি। অবশেষে ১৫ আগস্ট ভারতে গেলেন মিথিলা। মিথিলা কন্যা আইরাকেও কলকাতার একটি নামী স্কুলে সৃজিত ভর্তি করিয়েছেন বলে জানা যায়। তাই আপাতত মায়ের সঙ্গে আইরাও কলকাতাতেই থাকবেন।