ঢামেক হাসপাতালে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে অসুস্থ হয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার দুপুর ১টার দিকে হাসপাতাল ক্যাম্পের পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালের ২তলার ২২০ নম্বর ওয়ার্ডের বারান্দায় শুয়ে ছিল ওই ব্যক্তি। দুপুরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমাদের ক্যাম্পে খবর দিলে তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই বৃদ্ধর পরিচয় কেউ জানাতে পারেনি। তবে অনেকে তাকে হাসপাতালের বাগান গেট ও আশপাশের এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে মনে হলও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।