ঘরের মাটি খুঁড়ে মিলল তরুণীর গলিত লাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার লাগোয়া মিশালপাড়া এলাকায় নির্মাণাধীন একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে লাশটি লুকিয়ে রাখা হয়েছিলো।

অজ্ঞাত পরিচয় ওই তরুণীর বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে। তার পড়নে ছিলো হলুদ রংয়ের জামা ও গাঢ়ো নীল রংয়ের পায়জামা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে মরদেহ নির্জন স্থানে পুঁতে রাখা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মাণাধীন ঘরটির মালিক ডালিম মিয়া নামে এক ব্যক্তি। তিনি একই এলাকার শাহাবদ্দিনের ছেলে। নির্মাণকাজ করতে এসে প্রথমে শ্রমিকরা দুর্গন্ধ অনুভব করেন। পরে তারা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মেঝের মধ্যে বালির ভিতরে লম্বা চুল দেখতে পায়। পরে গর্ত খুড়লে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং মরদেহের অস্তিত্ব প্রকাশ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

আড়াইহাজার থানার এসআই গাজী শামীম দেশ রূপান্তরকে বলেন, ‘অজ্ঞাত পরিচয় ওই তরুণীর বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হতে পারে। মরদেহটি নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে রাখা হয়েছিল। আশপাশের কয়েকশ’ উৎসুক নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। তবে দুর্গন্ধে কেউ সামনে যেতে পারেনি।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘মনে হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে গুমের উদ্দেশে লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখেছিল।’