নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মাদ্রাসায় আয়োজিত এক দোয়া মাহফিলে দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, আব্দুল আওয়াল, মোশারফ মেম্বার প্রমুখ। পরে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে পাঁচ হাজার দুস্থ পরিবারকে চাল, ডাল, আটা, লবণ, তেলসহ নিত্যপণ্য বিতরণ করা হয়।