নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ যুবক নিহত

রাজধানীর বনশ্রী ও আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে আগারগাঁও বিএনপি বাজার এলাকার একটি ভবন থেকে পড়ে মারা যান নির্মাণশ্রমিক সোহাগ (১৯)। দুপুর ১২টার দিকে বনশ্রীতে ভবন থেকে পড়ে মৃত্যু হয় মেহেদী (২৫) নামে আরেক শ্রমিকের। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগের সহকর্মী শহিদুল ইসলাম জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরকা বাজার এলাকার বাসিন্দা সোহাগ রড মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। শুক্রবারই বিএনপি বাজারে একটি নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজে যান তিনি। শনিবার সকালে ভবনটির দোতলার ছাদের একপাশে রডের কাজ করার সময় নিচে পড়ে যান সোহাগ। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আনারুল ইসলাম জানান, তিনি বনশ্রীর স্বপ্ননীড় প্রজেক্টের নির্মাণাধীন নয়তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। মেহেদী একই ভবনে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। শনিবারই মেহেদী ওই ভবনে কাজে এসেছেন। ১২টার দিকে চার বা পাঁচতলা থেকে তিনি নিচে পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।