করোনার বৈশ্বিক দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে ভারত

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট এখন ভারত। গত কয়েক দিন ধরে করোনার বৈশ্বিক সংক্রমণে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। গত ২৪ ঘণ্টায়ও এর ব্যতিক্রম হয়নি।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

অবশ্য পূর্ববর্তী ২৪ ঘণ্টার চেয়ে এদিন সংক্রমণ কিছুটা কমেছে। ওই সময় শনাক্ত হয় ৬৫ হাজার ২ জন।

মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালেও মৃত্যুর হার নিয়ে কিছুটা স্বস্তিতে ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রে মাত্র ২৩, ব্রাজিলে ৯৫ আর মেক্সিকোয় ১৪১ দিনে ৫০ হাজারের গণ্ডি ছাড়ায়। সেখানে ভারতে মৃতের সংখ্যা ৫০ হাজারে পৌঁছতে সময় লাগল ১৫৬ দিন।

এদিকে ১৫ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে শনিবার পরীক্ষা হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৬০৮টি।