নোয়াখালীর হাতিয়ার ভাসানচর এলাকায় গম বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ১৪ নাবিকের খোঁজ মিলেছে।
হাতিয়ার দক্ষিণে সূর্যমুখী খালের কাছে তাদের পাওয়া গেছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. নবী আলম।
রবিবার দুপুর সাড়ে ১২টায় তিনি এ প্রতিবেদককে জানান, ভাসানচর এলাকায় শনিবার সকালে ১ হাজার ৮০০ টন গম নিয়ে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজ ‘এমভি আখতার বানু’তে মোট ১৪ জন নাবিক ছিলেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন জাহাজের ১৪ নাবিক। আধ ঘণ্টা আগে আমরা খবর পেয়েছি হাতিয়ার দক্ষিণে সূর্যমুখী খালের কাছে তাদের সবাইকে পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য আমরা প্রতিনিধি পাঠিয়েছি।’
এদিকে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. সেলিম দেশ রূপান্তরকে জানিয়েছেন, হাতিয়ার নিকুঞ্জ নামে একটি চরে ছয়জন নাবিককে পাওয়া গেছে বলে তিনি একাধিক সূত্রে জেনেছেন। অন্য নাবিকদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি।
জানা গেছে, ১ হাজার ৮০০ টন গম বোঝাই লাইটারেজ জাহাজ ‘এমভি আখতার বানু’ বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার সকাল ৮টায় হাতিয়ার ভাসানচর এলাকায় ডুবে যায়।