র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল রবিবার ঘোড়াঘাট এবং নবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮০৩ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক এবং সাড়ে তের কেজি গাঁজা জব্দ করেছে।
এ সময় সোহেল রানা (২৮) এবং আব্দুল মালেক (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক আব্দুল মালেক ঘোড়াঘাট উপজেলার কাসিগাড়ি গ্রামের মো. সোলেমানের ছেলে এবং সোহেল রানা জামালপুর জেলার জালিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে।
র্যাব দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে কাঁঠাল ভর্তি একটি ট্রাক ঢাকা যাবার পথে দিনাজপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল নেবার সংবাদ পায় র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে র্যাবের একটি দল রোববার ভোরে ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় ধাওয়া করে ট্রাকটি আটক করে।
এ সময় ট্রাকের ভিতর থেকে ৮০৩ বোতল ফেনসিডিল জব্দ করে সোহেল রানাকে আটক করে। এরপর র্যাবে দলটি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে অপর একটি অভিযান চালিয়ে সাড়ে তের কেজি গাঁজাসহ আব্দুল মালেককে আটক করে।
দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ্ আল মামুন জানান, আটকরা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকায় মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। আটকদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়েছে।