চাঁদপুরে প্রসূতির ৫ সন্তান প্রসব, বেঁচে নেই কেউ

চাঁদপুরের কচুয়ায় একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেছেন এক মা। তবে বেঁচে নেই একটি শিশুও। জন্মগ্রহণের কিছু সময় পরেই একে একে মৃত্যুবরণ করে সদ্যোজাত শিশুরা।

শনিবার রাতে কচুয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিক নিয়মে পরপর পাঁচ সন্তান প্রসব করেন মারুফা বেগম (২৫)। প্রসবের পরপরই হাসপাতালেই মারা যায় তিন শিশু। বাসায় নিয়ে যাওয়ার পর বাকি দুটি শিশুরও মৃত্যু হয়।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় কচুয়া টাওয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে প্রসবব্যথা নিয়ে ভর্তি হন মারুফা বেগম। হাসপাতালে স্বাভাবিকভাবে তিনি পাঁচটি সন্তান প্রসব করেন। এদের মধ্যে চারটি ছেলে এবং একটি মেয়ে শিশুর জন্ম হয়।

জন্মের কিছু সময় পরে তিনটি শিশু হাসপাতালে থাকা অবস্থাতেই মারা যায়। রাতেই জীবিত বাকি দুই শিশুসহ হাসপাতাল ত্যাগ করে বাড়ি ফেরার পর তারাও মৃত্যুবরণ করে।

কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক সিনথিয়া সাহা জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুগুলো জন্ম নিয়েছে। তবে শিশুগুলো অপরিণত বয়সে জন্মগ্রহণ করেছে। যা তাদের মৃত্যুর কারণ হতে পারে।

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম। মারুফা প্রসবের আগে তার বাবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড়ে অবস্থান করছিলেন।