জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
শনিবার বিকেলে বন্দর উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের নানা আয়োজনের মধ্যে ভিক্ষুক পুনর্বাসন ছিল অন্যতম। এ আয়োজনে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ২ জন করে মোট ১০ জন ভিক্ষুক প্রত্যেককে একটি করে দোকান এবং দোকানের মালামাল প্রদান করা হয়।
এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব ঋণের চেক বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন এবং পুরস্কার বিতরণ করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তাগণ এবং ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রতিটি মানুষকে সোনার মানুষ হতে হবে। আমরা যদি দেশকে ভালো না বাসি তাহলে পাকিস্তানি প্রেতাত্মারা গুজব ছড়িয়ে এ দেশকে ধ্বংস করে দেবে। ওই প্রেতাত্মাদের কারণে আমাদের দেশ পিছিয়ে পরবে। এ বিষয়টি মাথায় রেখে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে।