লালমনিরহাটের হাতীবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় গত ২৯ জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে সেটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত শফিক উপজেলার দক্ষিণ জাওরানী গ্রামের ৯নং ওয়ার্ডের বারেক মুনশির পুত্র। তিনি স্থানীয় কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, শফিক তার নিজ ফেসবুক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপনের লোগো সংবলিত ছবি মানুষের পায়ের জুতায় দিয়ে পোস্ট করেন। এ ঘটনায় গত ২৯ জুলাই হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা আবুল কাসেম।
এ বিষয়ে রবিবার আবুল কাসেম দেশ রূপান্তরকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছেন শফিক। বিষয়টি আমি ফেসবুকে দেখতে পেয়ে থানায় অভিযোগ করেছি। অভিযোগের পর থানার একজন এসআই গত মাসের ৩১ তারিখ তদন্ত করে গেছেন। এরপর আমি অভিযোগের বিষয়ে কিছুই জানতে পারিনি।
হাতীবান্ধা মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক রোকোনুজ্জামান সোহেল বলেন, যারা জাতির পিতাকে নিয়ে কটূক্তি করেন তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। ওরা জাতির পিতার খুনিদের উত্তরসূরি বলেও মন্তব্য করেন তিনি।
অভিযুক্ত শিক্ষক শফিক এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পাওয়ার পরই সেটিকে জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।