বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবির ফ্লাইট চালু করার অনুরোধ জানিয়ে একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন।
রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বরাবর এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে চসিক প্রশাসক বলেন, আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে চট্টগ্রামের বিশাল সংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে তাদের একটা বড় অংশ দেশে ফিরে আসেন। সাম্প্রতিককালে আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে বিমান চলাচল শুরু হওয়ার প্রেক্ষিতে চট্টগ্রামের প্রবাসীদের উক্ত দেশ সমূহে পুনরায় ফিরে যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
কিন্তু বাংলাদেশ বিমানের টিকিট সহজলভ্য না হওয়ায় এবং চট্টগ্রাম থেকে ফ্লাইট না থাকার কারণে প্রবাসীরা নানাভাবে হয়রানি হচ্ছেন। অনেক ক্ষেত্রে অতিরিক্ত মূল্য পরিশোধ করে দালালের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। আবার অনেকেই অতিরিক্ত মূল্য দিয়েও টিকিট পাচ্ছেন না। এ হয়রানি দূরীকরণে চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত ১টি দুবাইগামী ফ্লাইট চালু করা বাঞ্ছনীয়। অথবা ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট বৃদ্ধি করে চট্টগ্রামের প্রবাসীদের জন্য একটা নির্দিষ্ট কোটা সংরক্ষণ করা হলেও হয়রানি লাঘব হতে পারে।
এরই মধ্যে চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। তিনি সপ্তাহে এক দিন চট্টগ্রামে বসবাসরত প্রবাসীদের জন্য সরাসরি চট্টগ্রাম টু আবুধাবি ফ্লাইট চালুর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন।