স্বামীর খোঁজে বন্ধুর বাসায় গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

রাজধানীর রামপুরায় বন্ধুর বাসায় স্বামীর খোঁজ নিতে গিয়ে এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ধর্ষক মহর আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা পূর্ব হাজিপাড়ায় এ ঘটনা ঘটে। 

ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

রামপুরা থানার উপপরিদশর্ক (এসআই) মো. রেজাউল করিম জানান, রামপুরায় স্বামীর সঙ্গে থাকেন ওই নারী। আগে গার্মেন্টসের চাকরি করলেও বর্তমানে বেকার তিনি। শনিবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। এতে স্বামী রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্বামীর বন্ধু মহর আলী ওই নারীকে ফোন দিয়ে বলে, তার স্বামী মহরের বাসায় গিয়েছে, সে যেন এখনই এসে স্বামীকে বুঝিয়ে বাসায় নিয়ে যায়।

এসআই আরো জানান, এরপর শনিবার রাত সাড়ে ১০টার দিকে সে মহরের বাসায় গেলে সেখানে তার স্বামীকে দেখতে পায় না। তখন মহর তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই নারী বাসায় ফিরে যায়। 

তিনি বলেন, বাসায় ফেরার পর কোথায় গিয়েছিলেন স্বামী তা জানতে চাইলে প্রথমে কিছু বলতে চাইছিলেন না তিনি। এক পর্যায়ে স্বামীকে ধর্ষণের ঘটনা খুলে বলে। রবিবার দুপুরে স্বামী-স্ত্রী থানায় এসে অভিযোগ দেয়। এরপর অভিযোগ মামলা আকারে নেয়া হয়। এর পরপরই অভিযান চালিয়ে ধর্ষক মহর আলীকে গ্রেপ্তার করা হয়। আর গৃহবধূর শারীরিক পরিক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়। 

তিনি জানান, ধর্ষক মহর একেক সময় একেক পেশার কাজ করে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।