অপঠিত অনুচ্ছেদ অনুশীলন
অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। আমাদের এই প্রিয় কবি অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ মঙ্গলবার জন্মগ্রহণ করেন। নজরুলের বয়স যখন মাত্র নয় বছর তখন তার পিতার মৃত্যু হয়। তারই মধ্য দিয়ে ১০ বছর বয়সে তিনি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর তাকে ওই মক্তবে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে মসজিদ এবং মাজারের কাজও তিনি পেয়ে যান। কিন্তু এসব কাজ তার কাছে ভালো লাগেনি। তিনি ভবঘুরে জীবনে ফিরে যান। এসময়ে পুলিশ সাব-ইন্সপেক্টর কাজী রফিজউল্লার নজরে পড়েন। তিনি তাকে ময়মনসিংহের ত্রিশাল থানার কাজীর শিমলা গ্রামে নিয়ে আসেন। ভর্তি করিয়ে দেন দরিরামপুর হাইস্কুলে। ক্লাসে তিনি অমনোযোগী থাকলেও মেধাবী ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে পড়া ছেড়ে দিয়ে তিনি চুরুলিয়ায় ফিরে আসেন। কবি নজরুল ছিলেন স্বাধীনচেতা। তাই তো ইংরেজবিরোধী নানা ধরনের কবিতা লিখে দেশের মানুষকে জাগিয়ে তোলেন। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য তিনি কারাবরণ করেন। তার অনেক রচনা ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তিনি সাংবাদিক, সৈনিক এবং শিল্পীও বটে। তিনি চমৎকার বাঁশি বাজাতে পারতেন। নজরুলের জীবনে অস্থিরতা এবং চাঞ্চল্য ছিল প্রবল। তাই দশম শ্রেণির ছাত্রাবস্থায় যোগ দিলেন প্রথম মহাযুদ্ধে। তিনি শিশুদের জন্য লিখেছেন মজার কবিতা। যেমন- লিচু চোর, শিশু জাদুকর, খুকি ও কাঠবেড়ালি, প্রজাপতি ইত্যাদি। তাছাড়া ‘পুতুলের বিয়ে’ একটি চমৎকার শিশুতোষ নাটিকা। তার সব রচনা আমাদের মধ্যে প্রেরণা জোগায়।
১. কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো
শব্দ শব্দার্থ
অবিভক্ত যা ভাগ করা যায় না
মেধাবী বুদ্ধিমান
বরণ সাদরে গ্রহণ
নির্জন জনমানবহীন/জনশূন্য
প্রবল অত্যন্ত শক্তিশালী
অমনোযোগী উদাসীন
ক. ----- বনে যেতে নেই।
খ. সে মেধাবী কিন্তু পাঠে ----- থাকে।
গ. সে বন্যার ----- স্রোতে ভেসে গেল।
ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক ----- বাংলার প্রধানমন্ত্রী ছিলেন।
ঙ. তুমি অত্যন্ত ----- বলেই পরীক্ষায় প্রথম হয়েছো।
২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো
ক. কবি কাজী নজরুল ইসলামের বাল্যকাল সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
খ. কাজী নজরুল কবিতার মাধ্যমে কেন বিদ্রোহ প্রকাশ করেছেন তা পাঁচটি বাক্যে লেখো।
গ. পরিবারে ও বিদ্যালয়ে কোনো অন্যায় কাজ হলে তুমি কীভাবে তার মোকাবিলা করবে পাঁচ বাক্যে লেখো।
উত্তর
১. শূন্যস্থান পূরণ
ক. নির্জন; খ. অমনোযোগী; গ. প্রবল; ঘ. অবিভক্ত; ঙ. মেধাবী
২. প্রশ্নগুলোর উত্তর
ক. মাত্র নয় বছর বয়সে কাজী নজরুল ইসলামের বাবা মারা যান। বাল্যকালেই তার বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটে। দশ বছর বয়সে তিনি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এ বয়সেই তাকে একই মক্তবে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া বাল্যকালেই তিনি মসজিদ ও মাজারের কাজ পেয়ে যান।
খ. মানুষ কবিতা পড়তে ভালোবাসে। এর মাধ্যমে সহজেই মানুষকে আকৃষ্ট করা যায়। কবিতার মাধ্যমে সহজেই সমাজের অনাচারগুলো তুলে ধরা যায়। এছাড়া কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমেই ভাবপ্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তাই তিনি কবিতার মাধ্যমে বিদ্রোহ প্রকাশ করেছেন।
গ. ১. কাউকে অন্যায় কাজে সাহায্য করব না।
২. অভিভাবকের সঙ্গে পরামর্শ করব।
৩. শিক্ষকদের সঙ্গে পরামর্শ করব।
৪. সহপাঠীদের সঙ্গে আলোচনা করব।
৫. অন্যায় কাজ না করার ব্যাপারে বোঝাব।