এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত আট দিনে ৭৮ হাজার ৩৬২টি স্থাপনায় অভিযান চালিয়ে ৪২৩টিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। এর মধ্যে গতকালের অভিযানেও ১২ হাজার ৪৯৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ডিএনসিসির একাধিক ভ্রাম্যমাণ আদালত। এতে ৬৭টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৭ হাজার ৫১৩টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ২৭টি মামলায় মোট ১ লাখ ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করে ডিএনসিসি।
ডিএনসিসির গণমাধ্যম শাখা জানায়, মানুষকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে তৃতীয় ধাপে ১০ দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী মশকনিধন এই কার্যক্রমের পরিকল্পনা করে মাঠে নেমেছে ডিএনসিসি। ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে গতকাল রবিবার পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৪২৩টিতে এডিসের লার্ভা এবং ৪৫ হাজার ৭৭৯টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএসসিসির উচ্ছেদ অভিযান : গতকাল রবিবার রাজধানীর পল্টন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অভিযানে জাতীয় ক্রীড়া পরিষদের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়েছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, কিছু খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ অবৈধভাবে রাস্তা ও ফুটপাতের ওপর গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা মানুষের স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি করছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও অবৈধ কেব্লের বিরুদ্ধে ডিএসসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সোমবার রাজধানীর ধলপুর এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।