ছোট ফেনী নদীতে নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারঘাট সংলগ্ন ছোট ফেনী নদীতে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে বৈরী আবহাওয়ায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তারা।

গতকাল রবিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনার ২২ ঘণ্টা পর ওমানপ্রবাসী মো. আনোয়ার হোসেনের (৩৬) এবং বেলা ১২টার দিকে বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের (২০) লাশ উদ্ধার করে ডুবুরি দল। আনোয়ার ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের সাহাবউদ্দিনের আর মেহেদী একই গ্রামের শাহ আলমের ছেলে। এর আগে শনিবার বিকেল ৫টার দিকে ওই গ্রামের জয়নাল আবদীনের ছেলে নজরুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, শনিবার সকালে দাগনভূঞা থেকে ২৩ জন পর্যটক ঘুরতে আসেন মুছাপুর ক্লোজার এলাকায়। তাদের মধ্যে সাতজন ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে হঠাৎ জোয়ার এলে তাদের মধ্যে তিনজন তলিয়ে যান। পরে মাইজদী ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।