মহিলা পরিষদ

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা পরিষদ এই অমানবিক, নির্মম, পৈশাচিক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিচার ও যথাযথ শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছে।

এতে আরও বলা হয়, ১৮ বছর বা এর নিচে কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের জেলে না পাঠিয়ে সংশোধনের উদ্দেশ্যে এ শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়Ñ অপরাধপ্রবণ মানসিকতা সংশোধন করে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য।