খালেদা জিয়া কৃষকের কথা চিন্তা না করে শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত ছিলেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি জোট সরকার কৃষির উন্নয়নে কোনো কাজ করেনি। তারা কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কৃষির বারোটা বাজিয়ে বিএডিসিকেও বিক্রি করে দিতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার। গতকাল রবিবার শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যার্ত কৃষকের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ’৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। ’৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হয়েছে। এখনো যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরও ফিরিয়ে আনা হবে।