মহেন্দ্র সিং ধোনিকে সাধারণত ব্যাট হাতে বাইশ গজ শাসন করতে এবং উইকেটের পিছনে বাজপাখির ভূমিকায় দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে মাঝে মধ্যে গ্লাভস-প্যাড রেখে বোলিংও করেছেন তিনি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটও পেয়েছেন ধোনি। দেখে নেওয়া যাক বোলার ধোনির পরিসংখ্যান-
টেস্টে ধোনির বোলিং
ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার সময় টেস্টে বেশ কয়েকবার হাত ঘোরাতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। দলে প্রয়োজনে লাল বলের ফরম্যাটে ৭ ইনিংসে হাত ঘুরিয়েছেন। মোট ৯৬ বল করেছেন। রান দিয়েছেন ৬৭। টেস্টে তার ভাগ্যে কোনো উইকেট জোটেনি।
ওয়ানডেতে ধোনির বোলিং
টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও উইকেটরক্ষকের দস্তানা ছেড়ে হাত ঘোরাতে দেখা গেছে ধোনিকে। দুই ম্যাচে বল করেছেন ক্যাপ্টেন কুল। ৩৬ বল করে ৩১ রান দিয়েছেন। এই ফরম্যাটে ১টি উইকেট নিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।
প্রথম শ্রেণির ক্রিকেট
প্রথম শ্রেণির ক্রিকেটে একাধিকবার বল করেছেন মহেন্দ্র সিং ধোনি। এই স্তরে ১২৬টি বল করেছেন। ৮৭ রান দিলেও কোনো উইকেট পাননি।
লিস্ট ‘এ’ ক্রিকেট
লিস্ট ‘এ’ ক্রিকেটেও বাইশ গজে বোলারের ভূমিকায় দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। এই স্তরে ৪২৩ ম্যাচ খেলে ৬৩ বার হাত ঘুরিয়েছেন। ৫৩ রান দেওয়ার পাশাপাশি ২টি উইকেটও নিয়েছেন ধোনি।