রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে শরিফুল ইসলাম (১৮) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর এলাকার পদ্মা নদী হতে লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। সে ভাটোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাছ ধরার নৌকা নিয়ে রবিবার রাতে পদ্মায় যায় ৩ জেলে। মাছ ধরতে ধরতে রাতে নৌকায় জাল আটকিয়ে গেলে জাল ছুটাতে নৌকা থেকে লাফ দেন শরিফুল ইসলাম। এরপর থেকেই সে নিখোঁজ হয়। সোমবার সকালে হরিশংকরপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকায় মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।