উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১২০ শয্যার এসএআরআই আইটিসি চালু

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ১২০ শয্যার সিভিয়ার একিউট রেস্পিরেটরি ইনফেকশন (এসএআরআই) আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের (আইটিসি) কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের ২০ এক্সটেনশনে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুরু হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। মাহবুব আলম বলেন, ‘করোনা পরিস্থিতিতে রোহিঙ্গাদের মাঝে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানবিক কর্মসূচি পরিচালনা করেছি। সে কারণে সফলতাও পেয়েছি। স্বাস্থ্যসেবা খাতকে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি। প্রায় ১০ লাখ রোহিঙ্গার মাঝে করোনায় মাত্র ছয়জনের মৃত্যু হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এই কৃতিত্ব সবার।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইওএম বাংলাদেশ মিশনের উপপ্রধান ম্যানুয়েল পেরেইরা। এ সময় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) মো. আতিকুর রহমান, রোহিঙ্গা ক্যাম্প ২০ ও ২০ এক্সটেনশনের ক্যাম্প ইনচার্জ মো. আবদুস সবুর, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) রঞ্জন বড়ুয়া এবং ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের স্বাস্থ্য খাতের সমন্বয়ক ডা. মুকেশ কুমার প্রজাপতি উপস্থিত ছিলেন।