ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে ১৬ ঘণ্টা বাঁধের ওপর আটকা, হেলিকপ্টারে উদ্ধার

প্রবল বৃষ্টিপাতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওপর আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করতে ডাকতে হলো বিমান সেনা। খবর পেয়ে হেলিকপ্টারে করে আটকে পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করেন বিমান সেনারা।

ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরের খুটাঘাট বাঁধে। ওই ব্যক্তির নাম জিতেন্দ্র কাশ্যপ।

খুটাঘাট বাঁধে আটকে পড়ে একটি পাথরের ওপর দাঁড়িয়ে গাছকে আঁকড়ে ধরেছিলেন তিনি। এ ভাবে প্রায় ১৬ ঘণ্টা আটকে থাকার পর সোমবার তাকে উদ্ধার করে একটি হেলিকপ্টার। সেই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

ভিডিয়োতে দেখা যায়, একটি গাছকে আঁকড়ে ধরে পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। বিমান বাহিনীর এমআই-১৭ কপ্টার গিয়ে উদ্ধার করে তাকে। এই দৃশ্য দেখতে ভিড়ও জমেছিল সেখানে।

বিষয়টি নিশ্চিত করে বিলাসপুর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল দীপাংশু কাবরা বলেছেন, জিতেন্দ্র কাশ্যপ নামের এক ব্যক্তিকে আজ উদ্ধার করে বিমান বাহিনীর একটি কপ্টার। প্রবল বৃষ্টিপাতের জেরে পানির স্তর বেড়ে খুটাঘাট বাঁধে আটকে পড়েন তিনি।

বিলাসপুরের খুটাঘাট বাঁধ এলাকা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। জানা গিয়েছে, রবিবার সেই ব্রিজ থেকে ঝাঁপ মেরেছিলেন জিতেন্দ্র। তার পর আর উঠে আসতে পারেননি তিনি।

সূত্র: আনন্দবাজার।