ভিকারুননিসায় টিউশন ফি মওকুফের দাবিতে ৭ দিনের আলটিমেটাম

করোনাকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্র্তৃপক্ষের টিউশন ফি শতভাগ মওকুফের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাকরা। একযোগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার রাজধানীর বেইলি রোডে কলেজটির প্রধান শাখার ১ নম্বর গেটের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে এবং সরকার কর্র্তৃক পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্কুল খোলার কোনো নিশ্চয়তা নেই। করোনাভাইরাস মহামারী চলাকালে বেশির ভাগ অভিভাবকের আয় কমে গেছে। চাকরিচ্যুতি, ব্যবসা বন্ধসহ নানা ধরনের প্রতিকূলতার মধ্যে অভিভাবকরা জীবন যাপন করছেন। এ অবস্থায় টিউশন ফিসহ অন্যান্য খরচ দেওয়া কঠিন হয়ে পড়েছে। যেহেতু সরকার স্কুল বন্ধ রেখেছে, সেহেতু আমাদের দাবি ছাত্রীদের সব ধরনের টিউশন ফি ও অন্যান্য চার্জ বন্ধ রাখতে হবে।

তারা আরও বলেন, সম্প্রতি স্কুল কর্র্তৃপক্ষ ছাত্রীদের এপ্রিল থেকে জুনের টিউশন ফি প্রদানের জন্য এসএমএস দিয়ে অভিভাবকদের ওপর চাপ সৃষ্টি করছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতিকে লিখিত আবেদনের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে আজ পর্যন্ত কোনো নির্দেশনা পাওয় যায়নি।

এ সময় সাত দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের একত্র করে সারা দেশে একযোগে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে যত দিন স্কুল ও কলেজ বন্ধ থাকবে, তত দিন পর্যন্ত ছাত্রীদের টিউশন ফিসহ সব ধরনের চার্জ প্রদান মওকুফ রাখতে হবে।