ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার গোলাম কিবরিয়া (জিকে) শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির সঙ্গে আজিমপুর সরকারি কলোনিতে বহুতল ভবন নির্মাণ চুক্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। জিকেবির পক্ষে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। ফলে গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত সার্কেল-৪ ঢাকার এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল। গত ১৬ ফেব্রুয়ারি গণপূর্ত সার্কেল-৪ এই চুক্তি বাতিলের সিদ্ধান্তের কথা জানায়।
শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
ব্যারিস্টার মাহমুদ সাংবাদিকদের জানান, যেহেতু কোম্পানির মালিক গ্রেপ্তার আছেন তাই আজিমপুর সরকারি কলোনিতে বহুতল ভবন নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হওয়ার আশঙ্কায় ১৬ ফেব্রুয়ারি চুক্তি বাতিল করে সরকার। পরে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।