ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন ঠিকাদার সালেহ মোহাম্মদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং ইজারা দিয়ে এবং কার্যাদেশ না দিয়ে ফের আগের ব্যক্তিদেরই ইজারা দিয়েছেন সম্পত্তি বিভাগের কর্মকর্তারা।
সালেহ মোহাম্মদ বলেন, ডিএসসিসির কার পার্কিং ইজারার বিজ্ঞপ্তির মাধ্যমে আমার প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। ১৩ মার্চ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্তে সালেহ মোহাম্মদকে সর্বোচ্চ দরদাতা হিসেবে কর্র্তৃপক্ষ কর্র্তৃক অনুমোদন দেওয়া হয়। আমি সব শর্ত পালন করে প্রধান সম্পত্তি কর্মকর্তার কাছে কার্যাদেশ চাইলে তিনি দিই, দিচ্ছি বলে সময়ক্ষেপণ করছেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও সম্পত্তি কর্মকর্তার বরাবর লিখিতভাবে কার্যাদেশ চেয়ে কয়েক দফায় চিঠি দিয়ে কোনো জবাব পাইনি। গত ১৫ জুলাই পত্রিকায় ইজারার পুনঃবিজ্ঞপ্তি দেখতে পাই।