সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য ‘আইএফআইসি ব্যাংক সংস্কৃতিরতœ সম্মাননা ২০২০’ পাচ্ছেন রামেন্দু মজুমদার। অন্যদিকে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন গবেষক ও লেখক গোলাম মুরশিদ এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। গোলাম মুরশিদ তার ‘বিদ্রোহী রণক্লান্ত’ শীর্ষক নজরুল-জীবনী এবং ইমদাদুল হক মিলন তার ‘মায়ানগর’ উপন্যাসের জন্য এ পুরস্কার পাচ্ছেন।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’ স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে এই সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। সংস্কৃতিরত্ন সম্মাননার আর্থিক মূল্যমান ১০ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং সাহিত্য পুরস্কারের আর্থিক মূল্যমান ৫ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। শিগগিরই আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
২০১৮ সাল থেকে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’-এর পাশাপাশি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য দেশের দুজন অগ্রজপ্রতিম সাহিত্যিককে ‘সাহিত্যরতœ সম্মাননা’ প্রদান করা হয়েছে। ২০২০ সাল থেকে এ সম্মাননাটিকে সাহিত্য-শিল্প- সংস্কৃতির ব্যাপক পরিসরে বিস্তৃত করে জীবন্ত কিংবদন্তিদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এই সম্মাননা পেয়েছেন অধ্যাপক হাসান আজিজুল হক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।