বাংলাদেশে এখন একটি ছোট্ট শিশুও ইন্টারনেট ব্যবহার করে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘২০২১ সালে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে যাবে। এ বছরের মধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ফোরজি মোবাইল নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চলছে।’ গতকাল সোমবার ঢাকায় ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয় শোক দিবস উপলক্ষে বিটিসিএল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ২০০৮ সালেও দেশে আট জিবিপিএস ইন্টারনেট ব্যবহার হতো এবং ব্যবহারকারী ছিল মাত্র আট লাখ। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় ডিজিটালাইজেশনে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও যুক্ত ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান প্রমুখ।