টিম বাস চালিয়ে দলকে হোটেলে নিয়ে যান ধোনি, স্মৃতিকাতর লক্ষ্মণ

শুধু ক্রিকেটের রেকর্ড বইয়েই নয়, সতীর্থদের মনেও মহেন্দ্র সিং ধোনির জায়গা চিরকালীন। জাতীয় দলের সঙ্গে থাকাকালীন অনেক স্মৃতি তিনি উপহার দিয়েছেন সতীর্থদের। ধোনির অবসরে বর্তমান তারকা থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণের মতো সাবেকরাও সেই মুহূর্তগুলো ভুলতে পারছেন না।

নিজের আত্মজীবনীতে লক্ষ্মণ ধোনির বিশেষ একটি আচরণ জীবনে কখনো ভুলবেন না বলে লিখেছেন। ধোনি অবসর নেওয়ার পর স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে আরও একবার সেই স্মৃতিতে ফিরে গেলেন লক্ষ্মণ।

তিনি জানান, ২০০৮ সালে নাগপুরে তাদের হতবাক করে দিয়ে ধোনি স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত টিম বাস চালিয়ে নিয়ে গিয়েছিলেন। তার কথায়, ‘অনিল কুম্বলে অবসর নেওয়ার পর ধোনি তখন অধিনায়ক হয়েছে। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সিরিজে নাগপুরে ম্যাচ ছিল। হঠাৎই ধোনি টিম বাসে উঠে ড্রাইভারকে পেছনের সিটে বসতে বলে। ও নিজে বাস চালিয়ে স্টেডিয়াম থেকে হোটেলে নিয়ে যায় আমাদের।’

ঘটনা কতটা অবাক করেছে সেটি বলছিলেন লক্ষ্মণ, ‘আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। দলের অধিনায়ক বাস চালিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে আমাদের, এটা বিশ্বাস করা সত্যিই কঠিন ছিল। তবে ধোনি এ রকমই। জীবনটাকে ও নিজের মতো করে উপভোগ করে।’