ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেলের গতি রোধ করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেনসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের তেলীবাড়ী ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় আহত ওই চার ব্যক্তি হলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজীরটেক ইউনিয়নের ব্যাপারিডাঙ্গী গ্রামের মৃত শামসুদ্দীন ব্যাপারীর ছেলে মো. কাউসার হোসেন (৪৯), চর হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ব্যাপারী ডাঙ্গী গ্রামের মৃত নূরুদ্দীন ব্যাপারীর ছেলে কবিরুল আলম ব্যাপারী (৫৮), মধু ফরিরের ডাঙ্গী গ্রামের মৃত নূরুদ্দীর মোল্লা ছেলে মোহাম্মদ মোল্লা (৬৪) ও ব্যাপারী ডাঙ্গী গ্রামের আব্দুল হাকিম ব্যাপারির ছেলে সাখাওয়াৎ ব্যাপারী (৪৫)।
ঘটনার বিবরণ দিয়ে মো. কাউসার হোসেন জানান, তারা চারজন ফরিদপুর থেকে দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তেলীবাড়ী ঘাট মোড় এলাকায় আসার পর চর সুলতানপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সালাম বেগের ছেলে সোহেল বেগ (২৭) তার ১০/১২ জন সহযোগী নিয়ে ৬/৭ টি মোটরসাইকেল দিয়ে তাদের গতি রোধ করে। এরপর চাপাতিসহ বিভিন্ন ধারল অস্ত্র এবং লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের চারজনকে আহত করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
এ ব্যাপারে হামলাকারী সোহেল বেগের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কথা হয় সোহেল বেগের বাবা অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সালাম বেগের সঙ্গে।
আব্দুস সালাম বেগ বলেন, গত ২২ ফেব্রুয়ারি চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীদের উত্ত্যক্ত করা ও এক শিক্ষককে মারার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১৬ আগস্ট রবিবার তিনি চর হাজিগঞ্জ বাজারে গেলে তাকে তিনজন তরুণ অতর্কিতে আক্রমণ করে তাকে কিল ঘুষি দেয়। পরে উপস্থিত লোকজন তাকে রক্ষা করে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগও করেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে তিনি যখন থানায় সেখানে বসে তিনি হামলার ঘটনা জানতে পারেন। তার ছেলে সোহেলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তার ছেলের নাম তিনি লোক মুখে শুনেছেন। তবে ছেলের সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম জানান, হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
তিনি বলেন, এ ব্যাপারে বিকেল ৬টা পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।