তিন শর্তে হিলি চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের অনুমতি

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধের পর তিনটি শর্তে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে গমনাগমনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত জানাননি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, বেনাপোল দিয়ে তিন শর্তে ভারত-বাংলাদেশের মাঝে যাত্রী গমনাগমনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একই ধরনের নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

সোমবার এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দেওয়া হয়েছে। ভারতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট, চলতি বছরের ১জুলাই ইস্যুকৃত ভিসা, একই সঙ্গে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও পাসপোর্ট যাত্রী করোনা ভাইরাসের নেগেটিভ সনদ থাকতে হবে। এসব কিছু থাকার পর ভারতে প্রবেশ করতে পারবে।

একইভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় ওই নির্দেশনাগুলো মেনে তারপরেই দেশে প্রবেশ করতে পারবে। একই সঙ্গে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরার ক্ষেত্রেও রয়েছে শর্ত। বৈধ পাসপোর্ট, ভিসা নবায়ন, ভারতীয় হাইকমিশনের অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সনদ। এসব কিছু থাকার পরেই তাদের দেশে ফেরার অনুমতি পাবেন।

তবে বাংলাদেশি অনুমোদন মিললেও ভারতের হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনো লোক গ্রহণ করছেন না, তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথা বলেছি তাদের কোন সাড়া মেলেনি এবং তারা এ সংক্রান্ত কোন নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারত। এর পর আটকেপড়া যাত্রী পারাপার চালু থাকলেও ২৩ মার্চ থেকে যাত্রী গ্রহণ বন্ধ করে দেয় ভারত। তবে ভারতে আটকে থাকা বাংলাদেশি যাত্রীদের ফেরত দেয়।