মোহনগঞ্জে প্রতিবন্ধী স্কুলের অনিয়ম তদন্তে ৩ কমিটি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গড়ে ওঠা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম খুঁজতে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। গত ২৫ জুলাই দৈনিক দেশ রূপান্তরে ওই বিদ্যালয়ের নামে নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হলে এ উদ্যোগ নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, মোহনগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অনিয়ম খুঁজে দেখতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটিগুলো কাজ শুরু করেছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের জমিসংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর্থিক ব্যয় সংক্রান্ত বিষয়টি তদন্তে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারীকে প্রধান করে তিন সদস্যের অডিট কমিটি করা হয়েছে। আর বিদ্যালয়ের সার্বিক বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদারকে।