নেতাজির ‘প্রয়াণ দিবসে’ কঙ্গনার ক্ষোভ

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে নানান ধরনের তত্ত্ব চালু আছে। কেউ কেউ মনে করেন উড়োজাহাজ দুর্ঘটনায় এই কিংবদন্তির মৃত্যু হয়েছে। তাদের মাঝে আছেন সমালোচিত বলিউড নায়িকা কঙ্গনা রনৌত।

সম্প্রতি টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করে ‘টিম কঙ্গনা রনৌত’ থেকে ‘কঙ্গনা রনৌত’ করেছেন অভিনেত্রী। সেখান থেকে একের পর এক পোস্টে তোপ দেগে চলেছেন আমির খান, করণ জোহর থেকে নাসিরউদ্দিন শাহর বিরুদ্ধে।

মঙ্গলবার নেতাজিকে নিয়েও মন্তব্য করেন। নেতাজি কোনো দিন প্রাপ্য সম্মান পাননি— উল্লেখ করে টুইটে ক্ষোভ জানান কঙ্গনা।

এ নিয়ে দুটি টুইট করেন কঙ্গনা। প্রথমটিতে নেতাজির ছবিতে জন্ম তারিখের পাশে মৃত্যুর তারিখ হিসেবে ‘১৮ আগস্ট’ লেখা রয়েছে। ক্যাপশনে লেখেন, “সাভারকর, লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফরের মতো নেতাজিও কখনো নিজের প্রাপ্য পাননি। ব্রিটিশ সরকারের অনুগত জনসংযোগ রক্ষাকারীরা তার বিরুদ্ধে প্রচার করেছে এবং বুদ্ধিজীবীরা ঘোষণা করেছেন অস্ত্র ও ঢাল বাদেই আমরা স্বাধীনতা পেয়েছি। একেবারেই সত্যি নয়। স্বাধীনতা রক্তের দাবি রাখে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য রক্ত দিয়েছেন।”

অন্য টুইটে লেখেন, “আমি বামপন্থীদের মতাদর্শ বুঝি ও সম্মান করি। কিন্তু তা আমার ক্ষেত্রে কখনই কাজে দেয়নি। আমি দক্ষিণপন্থায় বিশ্বাস করি। আর অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, মানুষের সামনে ভিক্ষা চাইলে নিজের প্রাপ্য পাবে না তা তোমাকে ছিনিয়ে নিতে হবে।”

কোনো কোনো সূত্র দাবি করে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। এই দাবির পক্ষে কোনো পোক্ত প্রমাণ না থাকলেও কংগ্রেস-বিজেপি দুই দলের নেতারাই দিনটিকে সুভাষচন্দ্র বোসের ‘প্রয়াণ দিবস’ হিসেবে পালন করে।