রাজধানীর শনির আখড়ায় যাত্রীবাহী ঠিকানা পরিবহনের বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মাসুদ হোসেন (৪৫) ধুলাইপাড়ে ইলেকট্রিক যন্ত্রাংশের ব্যবসায়ী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল আলম জানান, সকালে শনিরআখড়া দনিয়া কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঠিকানা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৯৫) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাসুদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে বেলা ১২টায় মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককেও আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহতের খালাতো ভাই জসিম উদ্দিন জানান, মাসুদ চাঁদপুর সদর উপজেলার কল্লানদি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ৩ মেয়ের জনক মাসুদ পরিবার নিয়ে ডেমরা কোনাপাড়া শান্তিবাগ ৯৮/৮ নম্বর বাসায় থাকতেন।
ধুলাইপারে ইলেকট্রিক যন্ত্রাংশের ব্যবসা রয়েছে তার। সকালে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন তিনি।