আমির খানের সন্তানদের ধর্ম নিয়ে কঙ্গনার আপত্তি

সম্প্রতি তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনলাইনে তোপের মুখে পড়েছেন আমির খান। সেই বিতর্কের সঙ্গে কঙ্গনা রনৌত জুড়ে দিলেন এই নায়কের স্ত্রী ও সন্তানদের ধর্মকে।

‘লাল সিং চাড্ডা’র সিনেমার শুটিং নিয়ে বর্তমানে তুরস্কে আছেন আমির খান। সে সূত্রে শনিবার ডাক পান দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে।

টুইটারে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে আক্রমণ করেন কঙ্গনা। সঙ্গে পুরোনো একটি সাক্ষাৎকার শেয়ার করেন। যেখানে আমির খান বলেন, আমি স্পষ্ট করে বলেছি যে, আমার সন্তানরা শুধু ইসলাম ধর্মই অনুসরণ করবে।

এ নায়কের সাবেক ও বর্তমান স্ত্রী ধর্মে হিন্দু হওয়ায় বিষয়টি নিয়ে আক্রমণ করেন কঙ্গনা। তিনি বলেন, “হিন্দু+মুসলিম= মুসলিম হওয়া তো কট্টরপন্থী। বিয়ের ফলাফল শুধুমাত্র জিন ও সংস্কৃতির মিশ্রণ নয়, ধর্মেরও।”

সঙ্গে প্রশ্ন তুলে জানান, বাচ্চাদের আল্লাহর ইবাদতের পাশাপাশি শ্রীকৃষ্ণকে ভক্তি শেখানোই কি সেক্যুলারিজম নয়?

কয়েক বছর আগে আমির খান ভারতে বেড়ে চলা ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করেন। সে প্রসঙ্গ তুলেও অন্য টুইটে কটাক্ষ করেন ‘মণিকর্ণিকা’ নায়িকা।

তুরস্ক ভ্রমণ প্রসঙ্গে আরেক টুইটে বলেন, নানা কারণে এটা অবশ্যই চিন্তার বিষয়। কারণ আমির খান শুধু অভিনেতাই নন, ভারতের আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত। এই ‘ভণ্ডামি’র কারণে অনেকে আঘাত পেয়েছেন। তাই তাকে সবকিছু ব্যাখ্যা করতে হবে।

এমিনির সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনেকের অভিযোগ- দেশটি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে রয়েছে। এ ছাড়া ভারতের বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিল্লি সফরকালে আয়োজিত অনুষ্ঠানে বলিউডের অনেককে দেখা গেলেও ছিলেন না আমির।