ফুসফুসে সংক্রমণের কারণে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
বুধবার দিল্লির সেনা হাসপাতালের মেডিকেল বুলেটিনে এমনই জানানো হয়েছে।
জানা গেছে, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে এখনো ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালে ভর্তির পর পরই প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা।
এরপরই গভীর কোমায় চলে যান সাবেক এই রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত।